ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজের ছাত্রীর মৃত্যু, পরিবারের সন্ধান চায় পুলিশ
নগর প্রতিনিধি :
জামালপুরে ট্রেনে কাটা পড়ে সরকারি তোলারাম কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যদের এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
জানা যায়, ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনে এক তরুণীকে ট্রেনে কাটা অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তার মরদেহ উদ্ধার করে জিআরপি থানা জামালপুরে রাখা হয়।
নিহতের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও কলেজের পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিচয়পত্র অনুযায়ী, নিহত তরুণীর নাম তাহমিনা আক্তার। তিনি সরকারি তোলারাম কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের শিক্ষার্থী।
ঘটনার সময় নিহতের পরনে বোরকা ছিল বলে জানা গেছে। ট্রেনে কাটা পড়ে মাথায় গুরুতর আঘাত লাগায় তার চেহারা দেখে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সঙ্গে থাকা কলেজের আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া যায়।
এদিকে নিহত তাহমিনা আক্তারের পরিবারের সদস্যদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবারের কোনো সদস্য বা স্বজনের পরিচিত কেউ তার সন্ধান পেলে জিআরপি থানা জামালপুরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
নিহতের পরিবারের সন্ধান ও মরদেহ হস্তান্তরের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
তবে তাহমিনা আক্তার কীভাবে জামালপুরে পৌঁছেছিলেন এবং ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু কীভাবে হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।








Discussion about this post