নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গণমাধ্যম ও র্যাব সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সকালে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে কারখানা কর্তৃপক্ষ তার পরিবারকে জানায়, তিনি স্ট্রোক করে মারা গেছেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিজ বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যান।
তবে দাফনের আগে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। এরপর বিষয়টি স্থানীয় থানায় জানানো হলে নিহতের ভাই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজাহারে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব-১১ জানায়, মামলার আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ হাওলাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত সুজন শেখ এবং মাতা পারুল বেগম।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post