কুমিল্লার তিতাসে অভিযান, প্রাইভেটকারসহ গ্রেফতার—নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বড় চক্রের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জে সরবরাহের উদ্দেশ্যে আনা ১০০ কেজি গাঁজার একটি বড় চালান জব্দ করেছে র্যাব-১১।
এ ঘটনায় নারায়ণগঞ্জের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা জেলার তিতাস থানার আড়াইরকান্দি এলাকায় অভিযান চালায় র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল।
১০০ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোহাম্মদ রানা (৪২), পিতা-মোঃ গোলজার হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-দেওলি চওড়াপাড়া, ওয়ার্ড নং-২৪, থানা-বন্দর, জেলা-নারায়ণঞ্জ এবং ২। মোঃ রাহাত (২৩), পিতা-শহীদ, মাতা-নাজু আক্তার, সাং-দক্ষিণ লক্ষণ খোলা, ওয়ার্ড নং-২৫, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।
একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জসহ ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।
বিশেষ করে নারায়ণগঞ্জকে কেন্দ্র করেই তাদের বড় নেটওয়ার্ক গড়ে ওঠে।
র্যাব-১১ বলছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post