স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যা মামলার ১৫৮ মাস পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
একই সঙ্গে তিনি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ত্বকী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাব্বি বলেন, গত কয়েক বছরে দেশে বৈষম্য আরও বেড়েছে এবং মানুষের মধ্যে বিভাজন গভীর হয়েছে।
তিনি অভিযোগ করেন, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আঘাত এসেছে এবং বিচারব্যবস্থা এখনো প্রভাবমুক্ত হয়নি।
তিনি বলেন, “শাসন পরিবর্তন হলেও বিচার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন হয়নি। ফলে স্বাধীন ও নিরপেক্ষ বিচার এখনো নিশ্চিত করা যাচ্ছে না। ত্বকী হত্যার বিচার আজও অনিশ্চিত রয়ে গেছে।”
রফিউর রাব্বি আরও বলেন, ত্বকী হত্যার সঙ্গে জড়িতদের অনেকেই বিদেশে অবস্থান করে স্বাভাবিক জীবনযাপন করছে, যা বিচারহীনতার একটি নির্মম উদাহরণ।
তিনি দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
পাশাপাশি ত্বকী ছাড়াও তনু হত্যা এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল আলোচিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
অনুষ্ঠানে ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “একটি সভ্য রাষ্ট্রে হত্যার বিচার হওয়াই স্বাভাবিক। কিন্তু ত্বকী হত্যার বিচার দীর্ঘদিন ঝুলে থাকা আইনের শাসনের দুর্বলতাকেই প্রকাশ করে।”
তিনি জোর দিয়ে বলেন, আইনের শাসন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত বক্তারা ত্বকী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ। এছাড়া উপস্থিত ছিলেন ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম কাজল, প্রদীপ ঘোষ বাবু, হাফিজুর রহমান, ধীমান সাহা জুয়েল, এসএম কাদির, আব্দুল হাই শরিফ এবং আবৃত্তিশিল্পী ফাহমিদা আজাদসহ অনেকে।









Discussion about this post