নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় শিশুটির অভিভাবক ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, তিনি লাইভে এসে বিষয়টি তুলে ধরার প্রস্তুতি নিয়েছিলেন, তবে বিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ১৯ নম্বর বাবুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (হেড মিস), একজন সিনিয়র সহকারী শিক্ষক এবং অভিযুক্ত শিক্ষিকা দুপুর আনুমানিক ৩টার দিকে তার বাসায় উপস্থিত হন।
তারা বিনয়ের সঙ্গে অনুরোধ করেন, যেন অভিভাবক ওই দিন লাইভে না যান এবং বিষয়টি সমাধানের জন্য তাদের সময় দেওয়া হয়।
শিক্ষকরা আশ্বাস দেন, পরদিন সকালে বিদ্যালয়ে বিষয়টির ন্যায্য বিচার করা হবে এবং প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে।
পাশাপাশি তারা এটিও জানান, যদি সঠিক বিচার না হয়, তবে অভিভাবক যেন পরবর্তীতে লাইভে এসে বিষয়টি প্রকাশ করেন।
অভিভাবক তার স্ট্যাটাসে জানান, শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকে তিনি সাময়িকভাবে লাইভে আসেননি। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু তার সন্তানের বিচারই চান না, বরং সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক—এটাই তার মূল দাবি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে। এখন সবার নজর আগামীকাল বিদ্যালয়ে কী ধরনের সিদ্ধান্ত বা বিচার হয়, সেদিকেই।
উল্লেখ্য, শিশুদের ওপর শারীরিক শাস্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সাম্প্রতিক সময়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।









Discussion about this post