স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রধান আসামি মতিনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মামলার এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সিয়াম, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সিয়ামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।
নিহত সিয়াম লস্করদী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামি মতিনের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল।
কয়েক দিন আগে এ নিয়ে এলাকায় সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এর জের ধরেই ওইদিন রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় নিহতের পিতা মুক্তার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৬টার দিকে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার প্রধান আসামি মতিন (৪৫), পিতা মৃত সেরাজ উদ্দিন, গ্রাম লস্করদী, ব্রাহ্মন্দী ইউনিয়ন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ—কে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, এর আগে ১১ জুলাই একই ঘটনায় জড়িত এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরণকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post