নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আলী আজগর (৪৫)। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পদুয়ারপাড় এলাকার বাসিন্দা।
বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা একজন অটোরিকশা চালক এবং মা পোশাক কারখানার শ্রমিক। জীবিকার তাগিদে তারা অধিকাংশ সময় বাসার বাইরে থাকেন।
শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে শিশুটি পাশের ফ্ল্যাটে টেলিভিশন দেখতে যায়। এ সময় অভিযুক্ত আলী আজগরের স্ত্রী বাসার বাইরে গেলে তিনি দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শিশুটির চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী ফিরে এসে দরজায় নক করলে তিনি শিশুটিকে ছেড়ে দিয়ে অন্য কক্ষে চলে যান। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরবর্তীতে শিশুটি বাসায় ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা রাশেদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post