আড়াইহাজারে মা হত্যার ঘটনায় ৩ বছর পর মেয়ের গ্রেফতার
শাহজাহান কবির (আড়াইহাজার), নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ মাকে গলা কেটে হত্যার অভিযোগে প্রায় তিন বছর পর আয়েশা আক্তার রানু (৪৩) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আয়েশা আক্তার রানু ওই গ্রামের মৃত মোবারক হোসেনের মেয়ে এবং নিহত নুরুন্নাহার বেগমের (৬৫) সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নুরুন্নাহার বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই সন্দেহের ভিত্তিতে নিহতের মেয়ে আয়েশা আক্তার রানুসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় নিহতের ছেলে কবির হোসেনকেও গ্রেফতার হয়ে কিছুদিন কারাভোগ করতে হয়। তবে দীর্ঘ তদন্তেও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হয়নি।
পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে দীর্ঘ তদন্ত শেষে হত্যাকাণ্ডে আয়েশা আক্তার রানুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। সিআইডির প্রতিবেদনের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধ ও সম্পত্তি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয়দের ভাষ্যমতে, বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রানু পিত্রালয়ে বসবাস করতেন। এক পর্যায়ে ভাই কবির হোসেনকে ফাঁসিয়ে পিতামাতার সম্পত্তি এককভাবে দখলের উদ্দেশ্যে সহযোগীদের নিয়ে মাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “সিআইডির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত থেকে জারি করা পরোয়ানা অনুযায়ী অভিযুক্ত আয়েশা আক্তার রানুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।









Discussion about this post