সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. রাজু (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করার পর এক পুলিশ সদস্যকে কামড়ে দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক রাজু ওই এলাকার কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির একটি দল জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালায়। এ সময় রাজুকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর তাকে পুলিশ ফাঁড়িতে নেওয়ার পথে রাজুর পরিবারের সদস্যসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পরিস্থিতির সুযোগ নিয়ে রাজু কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসিরকে কামড়ে দেন। পরে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর পুলিশ সদস্যরা তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছেন। একই সঙ্গে ঘটনাটির পেছনে রাজুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় কারা জড়িত ছিল, তা নিয়েও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করা হয়েছিল। পরে সে এক পুলিশ সদস্যকে কামড়ে দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের হাতে ইয়াবাসহ আটকের পর একজন মাদক কারবারির এভাবে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আটকের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সেই সুযোগে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় কারা সহযোগিতা করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।









Discussion about this post