বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।
এ ঘটনার পর ক্ষুব্ধ সহকর্মীরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জাহিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৬০৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় ওই নারী গার্মেন্টসকর্মীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জাহিন গার্মেন্টসের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। পরে তারা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করে।
কাচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ বলেন, মদনপুর এলাকায় ট্রাকচাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গার্মেন্টসকর্মীরা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








Discussion about this post