রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় পাইপগানসহ ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইমন খলিফাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করছেন।
পরে গ্রেপ্তার ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর তল্লাশি চালিয়ে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধ দমনে র্যাব ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চনপাড়াসহ বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের কথাও জানিয়েছে সংশ্লিষ্টরা।









Discussion about this post