মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।
তারা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থীরা। তবে তারা স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন পানি থেকে উঠে এলেও বাকি তিনজন পানিতে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঢাকা থেকে ডুবুরি দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীদের উদ্ধারে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি ঘটনাস্থলে কাজ করছেন। তিনি বলেন, “উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।”
এদিকে তিন শিক্ষার্থী নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে তাদের স্বজন ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। নদীর তীরে স্বজনদের ভিড় জমেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।









Discussion about this post