সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যায় মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য
মহানগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে।
মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের পেপার মিলের সামনে শীতলক্ষ্যা নদীতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখতে পান।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ সময় ধরে মরদেহটি নদীর পানিতে ভাসছিল। পরে সেটি নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়।
স্থানীয় বাসিন্দা আনন্দ জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়। খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ঘটনাস্থলে পুলিশ না আসায় বিষয়টি স্থানীয় সাংবাদিক ফারুক হোসেনকে জানানো হয়।
পরে সাংবাদিক ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। ওই কর্মকর্তা ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানান।
স্থানীয়রা জানান, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরে পচন ধরেছে বলে মনে হচ্ছে। তবে মরদেহটির মাথা দেখা যায়নি। এ কারণে এটি স্বাভাবিক মৃত্যু নাকি কোনো অপরাধের সঙ্গে জড়িত—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মরদেহটি কতদিন ধরে পানিতে ছিল কিংবা কোথা থেকে ভেসে এসেছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মরদেহের বিষয়ে একটি ফোন পেয়েছি। এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা এবং মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মরদেহের মাথা না থাকায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।









Discussion about this post