হাসপাতাল প্রতিবেদক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত মো. মোমেন খাঁ (২৮) পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল খাঁর ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্ত্রী রিথী আক্তার অভিযোগ করে জানান, দুপুরের দিকে বরুনা বড় মসজিদ এলাকার মো. শফিক ও মাহিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তার স্বামীর ওপর হামলা চালায়।
হামলাকারীরা মোমেনের ডান পায়ের উরুতে গুলি করে এবং বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে একটি নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার ডান পায়ের উরুতে গুলির আঘাত এবং বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।









Discussion about this post