তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নারায়ণগঞ্জে মহাসড়কে নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে বিভিন্ন পয়েন্ট।
প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় শনিবার (১৬ মে) সকাল থেকেই সড়কের পাশে ভিড় করেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ৮টা থেকেই মহাসড়কের দশতলা এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে জড়ো হতে থাকেন। নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাওয়ার পথে তারেক রহমানকে একঝলক দেখার আশায় তারা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, “আমাদের নেতা নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাচ্ছেন—এই খবরেই নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে। কোনো নির্দেশনা নেই, তবুও সবাই অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য। আমরা চাই, অন্তত ফুল ছিটিয়ে হলেও তাকে সংবর্ধনা জানাতে।”
এদিকে, নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসড়কের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলেও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রিয় নেতার প্রতি ভালোবাসা জানাতে তাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলটির সাংগঠনিক শক্তিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









Discussion about this post