ফতুল্লায় টাই না পরায় শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলের নির্ধারিত টাই না পরায় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের কার্যালয়ে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ, নীলাফোলা ও রক্ত জমাট আঘাতের চিহ্ন দেখা গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আহত শিক্ষার্থীর মা মেহেরীন।
অভিযোগে ফতুল্লার অক্টো অফিস এলাকার এরিবস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফারুক (৪৮)-কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, মেহেরীনের ছেলে সূর্য (১৫) ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে স্কুলের নির্ধারিত টাই না পরার কারণে তাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ে তাকে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীর মায়ের অভিযোগ, মারধরের একপর্যায়ে সূর্য মাটিতে পড়ে গেলেও তাকে এলোপাতাড়ি বেত্রাঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ, নীলাফোলা ও রক্ত জমাট আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। অতিরিক্ত মারধরের কারণে একপর্যায়ে তার দম বন্ধ হওয়ার উপক্রম হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীর মা স্কুলে গিয়ে ছেলের শারীরিক অবস্থা দেখতে পান। পরে তিনি প্রধান শিক্ষক ফারুকের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন মেহেরীন।
পরে বিষয়টি নিয়ে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের
বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছেলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীর মা।
এদিকে আহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের কয়েকটি ছবি পাওয়া গেছে। তবে এসব আঘাত কীভাবে হয়েছে এবং অভিযোগে বর্ণিত ঘটনার সত্যতা সম্পর্কে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








Discussion about this post