ডিবি পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়লো সক্রিয় সদস্য, একাধিক মামলা রয়েছে
সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় নাজমুল খান শান্ত (৩১) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২২ জুন ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় নাজমুল খান শান্ত নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল পরিমাণ পোস্টার লাগাচ্ছিলেন।
গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত সোনারগাঁ উপজেলার মুগড়াপাড়া ইউনিয়নের চিনিস এলাকার বাসিন্দা। তার পিতার নাম দুরুদ খান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামি নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।









Discussion about this post