ভাতিজাকে অপহরণ করে হত্যায় চাচার যাবজ্জীবন
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ভাতিজা রিফাত হোসেনকে অপহরণের পর মুক্তিপণ দাবি এবং পরে শ্বাসরোধে হত্যার মামলায় তার চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-৫-এর বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। পরিবারের সঙ্গে দক্ষিণ রূপসীর একটি ভাড়া বাসায় থাকত সে। স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল রিফাত।
নামাজ পড়তে বের হয়ে আর ফেরেনি
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় রিফাত। এ সময় তার আত্মীয়তার সম্পর্কের চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করেন। পরে শিশুটির পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তবে রিফাতের মা সুফিয়া আক্তার মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এর পরই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ দক্ষিণ রূপসী এলাকার একটি পরিত্যক্ত ঘরের ভেতর ফেলে রাখা হয়।
সেদিন রাতেই মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান রিফাতের মা। সেখানে তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন।
পিরোজপুরে গিয়ে আত্মসমর্পণ
ঘটনার পর মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ি পিরোজপুরে চলে যান। পরে নেছারাবাদ থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। পুলিশ হেফাজতে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, মামলাটি একটি চাঞ্চল্যকর শিশু হত্যা মামলা। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামি মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতের রায়ে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।








Discussion about this post