রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: লুটের স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৫
রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট হওয়া স্বর্ণালংকারের সোয়া ছয় ভরি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপভ্যান, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া (২২), শাহিন মিয়া (৩১), শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) এবং কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মুখোশ পরা ১২ থেকে ১৩ জনের একটি ডাকাতদল পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির কলাপসিবল গেট ও বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রণি বেগম (৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাতরা।
এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ‘ডাকাত-ডাকাত’ বলে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরে ডাকাতরা প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও ৪০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতরা একটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপভ্যানে করে নরসিংদীর দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে।
এরপর সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হেফাজতে নেয়। পরে তাদের কাছ থেকে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়ি থেকে লুট হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









Discussion about this post